ফোকাস বেঙ্গল ডেস্ক, বর্ধমান: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৯ নম্বর জাতীয় সড়কের গোদা আন্ডারপাস এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন পাচারকারীকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। কলকাতা থেকে দুর্গাপুর যাওয়ার পথে একটি চারচাকা গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ১৬ কেজি প্যাকেটজাত গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পর্দাফাঁস হলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে কলকাতা থেকে দুর্গাপুর অভিমুখী একটি সন্দেহজনক চারচাকা গাড়ি আটকানো হয়। গাড়িটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১৬.৫ কেজি গাঁজা উদ্ধার করেন কর্তব্যরত পুলিশকর্মীরা। এরপরই গাড়িতে সওয়ার মহম্মদ রামিজ রাজা খান, প্রদীপ্ত কুমার মুখি এবং শেখ আজম নামে তিনজনকে গাঁজা পাচারের অভিযোগে হাতেনাতে গ্রেফতার করা হয়।

ধৃত মহম্মদ রামিজ রাজা খান ও প্রদীপ্ত কুমার মুখি-র বাড়ি ওড়িশার পুরী জেলার নিমাপদ থানার রেড বাজার এলাকায়। অন্যদিকে, শেখ আজমের বাড়ি ওড়িশার খুর্দা জেলার পালাশাহি এলাকায়। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনের ২০(b), ২৫ ও ২৯ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ, সোমবার (২৭শে জুলাই, ২০২৬) ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। এই অভিযান মাদক পাচার রোধে পুলিশের বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।








