ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের রেনেসাঁ উপনগরী থেকে বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করল এক কাশ্মীরি জঙ্গি কে। ধৃত জঙ্গির নাম হামিম মন্ডল। এই ঘটনায় রাজ্যজুড়ে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে। ধৃতের ফোন বাজেয়াপ্ত করার পর এসটিএফ জানতে পেরেছে সে জৈশ-ই-মহম্মদ গোষ্ঠীর সাজ্জাদ ভাট গোষ্ঠীর সদস্য। অফিসারেরা ফোনের সূত্র ধরে আরও জানতে পেরেছে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি নজরে রাখছিল ধৃত জঙ্গি। মুখ্যমন্ত্রীর উপর আক্রমণ করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল এই হামিম মন্ডল।


রেনেসাঁ উপনগরীর একটি জিম থেকে শুক্রবার বেঙ্গল এসটিএফ ও বর্ধমান থানার পুলিশ হামিম মন্ডল কে আটক করে। ধৃতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করার পরই অভিযানকারী দলের অফিসারদের চোখ কপালে ওঠে। তড়িঘড়ি ধৃতকে গ্রেপ্তার করে স্পেশাল টাস্ক ফোর্সের অফিসার। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়, তদন্তের স্বার্থে ১৪ দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেই আবেদন মঞ্জুর করেন। পাশাপাশি এই জঙ্গির সঙ্গে আরও কারা, কোথায়, কীভাবে জড়িত আছে সে বিষয়ে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে এসটিএফ ও রাজ্য পুলিশ। রাজ্য জুড়ে চরম সতর্কতা জারি করা হয়েছে বলে সূত্রের খবর।








