ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান থেকে সম্প্রতি গ্রেপ্তার হওয়া জইশ জঙ্গি হামিম মণ্ডলের মোবাইল ফোন ও ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে এবার তার ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা সরকারকে গ্রেপ্তার করলো রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে আটক করার পর আজ, শনিবার (২০২৬ সালের ১লা আগস্ট) অর্পিতাকে বর্ধমান থানায় নিয়ে আসা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাকে আজই বর্ধমান আদালতে পেশ করা হয়েছে।

STF সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, ধৃত অর্পিতা সরকারের একটি নিজস্ব ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা রয়েছে এবং তিনি ফটোগ্রাফার হিসেবেও কাজ করতেন। এই পেশার সুবাদেই সে বিভিন্ন উচ্চ মহলে এবং VVIP ব্যক্তিত্বদের কাছে অনায়াসে পৌঁছে যেতে পারতো। তদন্তকারীদের স্ক্যানারে এখন সেইসব প্রভাবশালী ব্যক্তিরাও রয়েছেন, যাদের সঙ্গে অর্পিতার সম্ভাব্য যোগসূত্র ছিল। সূত্রের খবর, পাকিস্তান থেকে অর্পিতার কাছে হানিট্র্যাপের মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অপহরণের নির্দেশ আসত।
তদন্তে আরও জানা গেছে যে, তথ্য আদান-প্রদানের জন্য অর্পিতা তার iPhone-16 প্রো-তে ‘Element X’ নামক একটি অত্যাধুনিক অ্যাপ ব্যবহার করতো। Element X হলো একটি ওপেন-সোর্স এবং অত্যন্ত সুরক্ষিত মেসেজিং ও ভিডিও কলিং অ্যাপ, যা বিকেন্দ্রীভূত Matrix প্রোটোকলের ওপর ভিত্তি করে নির্মিত। এটি পুরনো Element অ্যাপের দ্রুততর ও নতুন করে Rust ভাষায় লেখা একটি সংস্করণ। তদন্তকারীরা বর্তমানে অর্পিতা সরকারের ফোনের যাবতীয় তথ্য খতিয়ে দেখছেন এবং এই অ্যাপটি কাদের সাথে, কীভাবে এবং কী ধরনের তথ্য আদান-প্রদানে ব্যবহৃত হচ্ছিল, তা বিশদভাবে বিশ্লেষণ করছেন।








