ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: প্রথমে বিহার, তারপর রাজস্থান—দীর্ঘ এক মাস ধরে নিখোঁজ থাকা দুই স্কুলছাত্রীকে অবশেষে উদ্ধার করে বড় সাফল্য পেল বর্ধমান জিআরপি। নিরলস তদন্ত, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে গত ৩১ জুলাই রাজস্থানের ফুলবাগ এলাকা থেকে ওই দুই কিশোরীকে নিরাপদে উদ্ধার করা হয়। আজ, ২ আগস্ট, সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পরিবারের হাতে তুলে দিয়েছে বর্ধমান জিআরপি।

জানা গিয়েছে, গত ১ জুলাই মেমারির দুই স্কুলছাত্রী প্রতিদিনের মতো বর্ধমানে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বের হলেও আর বিদ্যালয়ে পৌঁছায়নি। তারা মেমারি স্টেশন থেকে ট্রেন চেপে আরো তিনজন বান্ধবীর সঙ্গে বর্ধমান স্টেশনে এসে নামলেও এই দুজন স্কুলে যায়নি। তারা বর্ধমান স্টেশনে টয়লেটে গিয়ে স্কুল ড্রেস চেঞ্জ করে সাধরণ পোশাক পড়ে নিয়ে আবার মেমারি ফিরে যায়। সেখানে নিজেদের কাছে থাকা প্রায় ২ হাজার টাকা ও কিছু রুপোর গয়না বিক্রি করে একটি মোবাইল ফোন কেনে। এরপর কাউকে কিছু না জানিয়ে প্রথমে ট্রেনে চেপে প্রথমে বিহারে এবং পরে সুদূর রাজস্থানে চলে যায়।
পরিবারের সদস্যরা বেশ কিছুদিন মেয়েদের খোঁজ না পেয়ে প্রথমে মেমারি থানায় অভিযোগ জানাতে গেলে তাদের বর্ধমান জিআরপি-তে যোগাযোগ করতে বলা হয়। গত ১৬ জুলাই লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরই জিআরপি তদন্তে নামে। দীর্ঘ এই তদন্তে একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে তাদের গতিবিধি অনুসরণ করা হয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে দুই ছাত্রী জানিয়েছে যে, বাড়িতে বকাবকির কারণে অভিমান করে তারা কাজের খোঁজে বাড়ি ছেড়েছিল। রাজস্থানে তারা একটি কারখানার গোডাউনে আশ্রয় নিয়েছিল। এই ঘটনায় তাদের থাকার ও কাজের ব্যবস্থা করে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দীর্ঘ এক মাসের নিরলস তদন্তের পর দুই কিশোরীকে নিরাপদে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় বর্ধমান জিআরপি-র এই অভিযানকে তদন্তের ক্ষেত্রে এক বড়সড় সাফল্য হিসেবেই দেখছে সকলে।








