ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: শক্তিগড় থানার অন্তর্গত হরিহরপুর চক এলাকায় চাষের জমির মধ্যে জোড়া দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে মুয়ে নদীর কাছে একটি চাষের জমিতে বিবস্ত্র ও অচৈতন্য অবস্থায় এক মাঝ বয়সী মহিলা ও এক পুরুষের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। ঘটনাটি নজরে আসতেই তাঁরা দ্রুত পুলিশে খবর দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন শক্তিগড় ও মেমারি থানার পুলিশকর্মীরা। প্রাথমিকভাবে এলাকাভিত্তিক আইনি এক্তিয়ার নিয়ে কিছু বিভ্রান্তি থাকলেও, পরে শক্তিগড় থানার পুলিশ দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলটি ঘিরে রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া মৃতদের মধ্যে মহিলার বয়স আনুমানিক ৩৫ বছর এবং পুরুষের বয়স ৫৫ বছর। তবে এখনও পর্যন্ত তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। মৃতদেহ দু’টির মধ্যে মহিলার দেহ বিবস্ত্র অবস্থায় ছিল, যদিও পুরুষের শরীরে লুঙ্গি ও জামা ছিল। তবে মহিলাকে বিবস্ত্র অবস্থায় পাওয়া যাওয়ায় রহস্য আরও ঘনীভূত হয়েছে।
কীভাবে এই দু’জনের মৃত্যু হল, তাঁরা কীভাবে ওই নির্জন স্থানে পৌঁছলেন, তাঁদের মধ্যে কী সম্পর্ক ছিল, নাকি এর পিছনে কোনো বৃহত্তর চক্র জড়িত – এই সমস্ত প্রশ্নগুলিই এখন পুলিশের তদন্তের প্রধান কেন্দ্রবিন্দু। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সামগ্রিক চিত্র স্পষ্ট হবে বলে আশা করা হচ্ছে। এই রহস্যজনক জোড়া দেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় এক চাপা আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।








