---Advertisement---

Auto Image Slider

‘ভেড়ার পাল’ মন্তব্যে আদিবাসী সমাজের চরম অসম্মান! সাংসদের ইস্তফা ও ক্ষমা চাওয়ার দাবিতে বিক্ষোভ, অবরোধ মেমারিতে

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, মেমারি: রাজস্থানের রাজ্যসভার সাংসদ মদন রাঠোরের আদিবাসী সম্প্রদায়কে ঘিরে করা একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র অসন্তোষ ও প্রতিবাদের ঝড় উঠেছে। সাংসদ মদন রাঠোরের বিরুদ্ধে আদিবাসীদের ‘ভেড়ার পাল’ বলে সম্বোধন করার অভিযোগ উঠেছে। এই কুরুচিকর ও অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে 2026 সালের 31শে আগস্ট বিভিন্ন আদিবাসী সংগঠন পথে নেমেছে। তারই জেরে পূর্ব বর্ধমান জেলার মেমারী থানার সামনে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন আদিবাসী আন্দোলনকারীরা।

বিজ্ঞাপন

এদিন মেমারি থানার সামনে সাংসদের কুশপুতুল জ্বালিয়ে জিটি রোড অবরোধ করা হয়, যার ফলে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়। ক্ষিপ্ত জনতা অভিযুক্ত সাংসদের কুশপুতুল দাহ করে স্লোগান দেন। পরবর্তীতে মেমারী থানা ঘেরাও করে আদিবাসী সংগঠনের পক্ষ থেকে একটি স্মারকলিপি পেশ করা হয়। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, অবিলম্বে রাজ্যসভার ওই সাংসদকে তাঁর পদ থেকে ইস্তফা দিতে হবে এবং প্রকাশ্যে আদিবাসী সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

স্থানীয় স্তরের এই আন্দোলনের আঁচ এখন জাতীয় স্তরেও ছড়িয়ে পড়েছে। আদিবাসী সংগঠনের পক্ষ থেকে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দপ্তরেও স্মারকলিপি পাঠানো হয়েছে। তাদের অভিযোগ, জনপ্রতিনিধিদের এ ধরনের বর্ণবিদ্বেষী ও অপমানজনক মন্তব্য দেশের আদিবাসী সমাজকে অবমূল্যায়ন করার সমান। সংবিধানের সুরক্ষা বলয়ে থাকা একটি জনজাতি সম্প্রদায়কে এভাবে হেয় প্রতিপন্ন করার তীব্র নিন্দা জানিয়ে দোষী নেতার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জোরাল দাবি উঠেছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।

See also  বর্ধমান শহরে মমতার পঞ্চম দফার শেষ রোড শো কে ঘিরে মানুষের ঢল
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---