ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত জামুদহ এলাকায় দামোদর নদের তীরে অবস্থিত একটি বালি স্টক পয়েন্টের পাশ দিয়ে চলে যাওয়া প্রধান সড়ক দখল করে দাঁড়িয়ে আছে সারি সারি বালির ডাম্পার ও লরি। প্রায় ১২ থেকে ১৪ ফুটের এই গুরুত্বপূর্ণ রাস্তার অর্ধেকের বেশি অংশ জুড়ে ৩০ থেকে ৪০টি খালি ও বালি বোঝাই গাড়ি দাঁড়িয়ে থাকায় এলাকার জনজীবন রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দা, স্কুল-কলেজে যাতায়াতকারী ছাত্রছাত্রী এবং স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতকারী মানুষজন চরম ভোগান্তির শিকার হচ্ছেন। একইসঙ্গে অ্যাম্বুলেন্স ও অন্যান্য জরুরি পরিষেবার গাড়ি চলাচলেও তীব্র সমস্যা তৈরি হয়েছে।


এলাকাবাসীদের অভিযোগ, প্রতিদিনের ব্যস্ততম এই রাস্তায় বালির গাড়ি দাঁড়িয়ে থাকায় পথচারীরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। রাস্তার উপর বালি ছড়িয়ে থাকায় পিছলে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হচ্ছে। এতে একদিকে যেমন রাস্তা সরু হয়ে গিয়েছে, তেমনই অন্যদিকে সড়ক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ।

বালি মজুতকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে, দামোদর নদের সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি থাকায় কোনো গাড়ি নিচে নামতে পারছে না। ফলে বাধ্য হয়েই গাড়িগুলিকে রাস্তার উপরে দাঁড় করিয়ে রাখতে হচ্ছে। এর পাশাপাশি, চালান সংক্রান্ত কিছু প্রযুক্তিগত জটিলতার কারণে বালি লোড হওয়ার পরেও গাড়িগুলি ছাড়পত্র না পাওয়ায় রাস্তা থেকে সরতে পারছে না।
সূত্র মারফত জানা গেছে, এই স্টক পয়েন্টে প্রাথমিকভাবে প্রায় ১০ থেকে ১২ লক্ষ সিএফটি বালি মজুত করা হয়েছিল। বর্তমানে এখনও প্রায় ৭ লক্ষ সিএফটি বালি সেখানে অবশিষ্ট রয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এই বিপুল পরিমাণ বালি খালি হতে আরও বেশ কিছুদিন সময় লাগতে পারে। সামনের উৎসবের মরসুমে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের স্বার্থে অবিলম্বে স্থানীয় প্রশাসন ও পুলিশের কাছে রাস্তা পরিষ্কার করার জন্য আবেদন জানানো হয়েছে। এই দীর্ঘস্থায়ী আংশিক রাস্তা অবরোধ জনস্বাস্থ্যের পাশাপাশি সড়ক নিরাপত্তায় বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে এলাকাবাসী।








