---Advertisement---

Auto Image Slider

রেইকির নতুন পন্থা! বাড়িতে কেউ আছে কিনা, তা গুলতি ছুঁড়ে নিশ্চিত করত চোরের দল, উল্লাস উপনগরীতে পরপর চুরির ঘটনায় গ্রেপ্তার চার দুষ্কৃতী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমানের উল্লাস উপনগরীতে গত ১৫ সেপ্টেম্বর গভীর রাতে পরপর পাঁচটি বাড়িতে ঘটে যাওয়া দুঃসাহসিক চুরির ঘটনার রহস্য অবশেষে ভেদ করেছে বর্ধমান থানার পুলিশ। এই ঘটনায় বিহারের ভাগলপুর জেলা থেকে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চোরেরা মোবাইল ফোন ব্যবহার করত না এবং যাযাবরের মতো জীবনযাপন করত নিজেদের পরিচয় গোপন রাখার জন্য। এমনকি, তারা ট্রেনপথে বর্ধমানে এসে চুরি করে আবার ট্রেনপথেই বিহারে ফিরে যেত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে।

বিজ্ঞাপন

গত ১৫ সেপ্টেম্বর উল্লাস উপনগরীর ৩ ও ৪ নম্বর লেনের পাঁচটি বাড়িতে একযোগে চুরির ঘটনা ঘটেছিল। অভিযোগ ওঠে যে, বেশিরভাগ বাড়িতেই লোকজন না থাকার সুযোগে দুষ্কৃতীরা তালা ভেঙে, দরজা ও জানালার গ্রিল কেটে প্রবেশ করে নগদ টাকা, গহনা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। চুরির পর চোরের দল ফ্রিজে রাখা খাবার ও মদ পান করে বলেও জানা গেছে।

তবে এই ঘটনার তদন্তে নেমে বর্ধমান থানার পুলিশ মাত্র চার দিনের মাথায় দুষ্কৃতীদের চিহ্নিত করতে সক্ষম হয়। পুলিশি তদন্তে ও ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। এতদিন ধরে চুরি বা অন্যান্য অপরাধের ক্ষেত্রে দুষ্কৃতীরা ঘটনাস্থল রেকি করার জন্য সাধারণত আধুনিক প্রযুক্তি বা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করত। কিন্তু এই ক্ষেত্রে চোরের দল এক অভিনব কৌশল অবলম্বন করেছিল। উল্লাস উপনগরীতে অপারেশনের আগে তারা বেশ কয়েকটি বাড়ি চিহ্নিত করে গুলতি দিয়ে ঢিল ছুঁড়ে পরখ করত যে বাড়ি থেকে কোনো সাড়া শব্দ আসছে কিনা। যখন নিশ্চিত হতো যে বাড়িতে কেউ নেই, তখনই তারা সেই বাড়িতে চুরি করত।

গ্রেপ্তার হওয়া দুষ্কৃতীরা হলো দীপক কুমার, মিত আদিবাসী, সুরেন্দার পাওয়ার ও বিকাশ কারে। এদের সবার বাড়ি বিহারের ভাগলপুর জেলার হনুমান চক থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির অভিযোগ রয়েছে। রবিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয় এবং বিকেলেই পুলিশ ঘটনার পুনর্নির্মাণও করে। তদন্তকারীরা ইতিমধ্যেই এই গ্যাংয়ের সাথে আরও কারা যুক্ত আছে, তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

See also  পূর্ব বর্ধমানের গ্রাম সম্পদ কর্মীদের হাতে তুলে দেওয়া হচ্ছে কীটস
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---