ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান মেডিকেল কলেজে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের প্যানেল প্রকাশের পর তা বাতিল হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন অসংখ্য চাকরিপ্রার্থী। শুক্রবার, ৬ নভেম্বর, কলেজ কর্তৃপক্ষের জারি করা এক বিজ্ঞপ্তিতে এই প্যানেল বাতিলের খবর নিশ্চিত করা হয়েছে।


বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষের সই করা মেমো নং BMC/3180 তারিখ ৫ই নভেম্বর, ২০২৬-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৬তম অর্থ কমিশনের অধীনে ICMR-DHR ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে (VRDL) বিভিন্ন চুক্তিভিত্তিক পদে নিয়োগের জন্য সাক্ষাৎকার গ্রহণের পর প্রস্তুত করা প্যানেল (মেমো নং: BMC/3106, তারিখ: ০২.১১.২০২৬) অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে। খুব দ্রুত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই চুক্তিভিত্তিক পদগুলির জন্য ফের নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে কলেজ সূত্রে জানা গিয়েছে। বিষয়টি ডিপার্টমেন্ট অফ হেলথ রিসার্চ এবং ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশনকে জানানো হয়েছে।

এই আকস্মিক সিদ্ধান্তে হতাশায় ডুবেছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ সহ নিয়োগ সংক্রান্ত সব প্রয়োজনীয় প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার পর তাঁদের নিয়োগপত্রও প্রদান করা হয়েছিল। প্যানেল তৈরি হয়ে নিয়োগপত্র দেওয়ার পরও সম্পূর্ণ প্রক্রিয়া বাতিল হওয়ায় তাঁদের ভবিষ্যৎ কর্মজীবন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে এবং তাঁরা মানসিকভাবে বিধ্বস্ত।
চাকরিপ্রার্থীরা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে আবেদন জানিয়েছেন, যাতে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করা হয়। তাঁদের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় কোনও রাজনৈতিক হস্তক্ষেপ বা অনৈতিক চাপ প্রয়োগ করা হয়েছিল কি না, তা নির্ধারণের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।








