---Advertisement---

Auto Image Slider

বর্ধমানের রেশ কাটতে না কাটতেই ভাতারে রণক্ষেত্র, বাঁশ-লাঠি নিয়ে তুমুল সংঘর্ষ বাম-বিজেপির! দুপক্ষের প্রায় ২০জন আহত

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, ভাতার: পূর্ব বর্ধমানের ভাতার থানার বলগোনা বাজারে আজ, শুক্রবার বিকেলে সিপিএমের একটি পথসভাকে কেন্দ্র করে বিজেপি কর্মীদের সঙ্গে বামেদের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয়পক্ষের প্রায় ২০ জন জখম হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন বিজেপির ভাতার ৩ নম্বর মণ্ডল সভাপতি স্নেহময় কুণ্ডু এবং যুব সিপিএম নেতা সফিকুল ইসলাম মণ্ডল। তাঁদের ভাতার হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টার মধ্যে পূর্ব বর্ধমান জেলায় এটি দ্বিতীয় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা। এর আগে বৃহস্পতিবার বর্ধমান শহরে সংযুক্ত কিষাণ মোর্চার পথসভায় বিজেপি কর্মীদের সঙ্গে সংঘর্ষে প্রবীণ সিপিএম নেতা অমল হালদার আহত হয়েছিলেন। সেই ঘটনার প্রতিবাদেই এদিন ভাতারের বলগোনা বাজারে সিপিএমের পথসভা ডাকা হয়েছিল।

স্থানীয় সূত্রে খবর, বলগোনা বাজারে তেমাথা মোড়ে সিপিএমের পথসভা শুরু হওয়ার পরই উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সেই সময় বিজেপি কর্মীরা সভাস্থলে হামলা চালায়। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে সিপিএম কর্মীরাও। উভয় পক্ষ বাঁশ ও লাঠি নিয়ে মারমুখী হয়ে ওঠে, যার ফলে পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন থাকলেও প্রাথমিক ভাবে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। দীর্ঘক্ষণের চেষ্টায় পুলিশ অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের কারণ নিয়ে দুই রাজনৈতিক দলের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর। সিপিএমের ভাতার ১ এরিয়া কমিটির সম্পাদক নজরুল হকের অভিযোগ, পুলিশের অনুমতি নিয়েই তাঁদের পথসভা চলছিল, অথচ বিজেপি বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে। অপরদিকে, বিজেপির কিষাণ মোর্চার নেতা দিব্যেন্দু দত্ত এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, সিপিএম উস্কানিমূলক বক্তব্য রেখেছিল এবং তারাই প্রথম হামলা চালায়। ভাতারের বিজেপি বিধায়ক সৌমেন কার্ফা এই ঘটনার তদন্ত দাবি করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন পুলিশ প্রশাসনের কাছে।এদিনের সংঘর্ষের পর থেকে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

See also  করোনা মোকাবিলায় বর্ধমানে চালু হচ্ছে নতুন সেফ হোম, মৃতদেহ পোড়ানো নিয়ে কড়া নির্দেশ পুরসভার
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---