ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: রাজ্যের বিভিন্ন জেলার বেসরকারী ব্লাড ব্যাঙ্কগুলির বিরুদ্ধে গুরুতর অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার অভিযানে নামল রাজ্য স্বাস্থ্য দপ্তর। লোহিত রক্তকণিকা ও প্লাজমা স্টেট ব্লাড ট্রান্সফিউসন কাউন্সিলকে না জানিয়ে বাইরের রাজ্যে অবৈধভাবে রক্ত পাচারের একাধিক অভিযোগ পাওয়ার পরই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্বাস্থ্য দপ্তরের তিন সদস্যের একটি বিশেষ দল এদিন বর্ধমানের বামচাঁদাইপুরে ১৯ নং জাতীয় সড়কের ধারে অবস্থিত একটি বেসরকারী ব্লাড ব্যাঙ্কে আকস্মিক হানা দেয়। এই অভিযান রাজ্যজুড়ে অবৈধ রক্ত কারবারের তদন্তেরই অংশ বলে জানা গেছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বহু বেসরকারী ব্লাড ব্যাঙ্ক প্রয়োজনের অতিরিক্ত রক্ত সংগ্রহ করেছে। অভিযোগ, এই সংগৃহীত রক্তের সঠিক সদ্ব্যবহার হচ্ছে না বা কোনো অসঙ্গতি ঘটছে। অবৈধ রক্ত পাচার এবং অতিরিক্ত রক্ত সংগ্রহের মতো জনস্বাস্থ্য সংক্রান্ত গুরুতর বিষয়গুলি খতিয়ে দেখতে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা নিবিড় পর্যবেক্ষণ ও তদন্ত চালাচ্ছেন।

পূর্ব বর্ধমান জেলার ডেপুটি সিএমওএইচ ২ এই অভিযান প্রসঙ্গে জানিয়েছেন, ‘বর্ধমানের বেসরকারি ব্লাড ব্যাঙ্কটিতে কিছু তথ্যগত অসঙ্গতি পাওয়া গেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সেইসমস্ত তথ্য সঠিক ভাবে পেশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পরবর্তীতে যাতে স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন মেনে প্রতিষ্ঠানের কাজকর্ম চালানো হয় সেব্যাপারে আরও সতর্ক হওয়ার জন্য বলা হয়েছে।’
যদিও এদিন স্বাস্থ্য দপ্তরের অভিযানকারী দলের উপস্থিতিতেই ব্লাড ব্যাংকের ডিসপ্লে বোর্ডে সরকার নির্ধারিত মূল্যের থেকে অধিক মূল্যে রক্তের বিভিন্ন ভাগের দাম উল্লেখ থাকা কে কেন্দ্র করে একাধিক রোগীর পরিবারের সদস্য প্রশ্ন তুলেছেন। এমনকি অনেকেই রক্তের কালোবাজারি চালানো হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেছেন।








