---Advertisement---

Auto Image Slider

বিরল সততার দৃষ্টান্ত! রাস্তায় পড়ে থাকা বিপুল অঙ্কের টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিলেন কর্তব্যপরায়ণ ট্রাফিক পুলিশ কর্মী

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: কর্তব্যের পাশাপাশি মানবিকতার এক উজ্জ্বল নজির গড়লেন পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ থানার অন্তর্গত বড় গোপীনাথপুর গ্রামের বাসিন্দা, পেশায় ট্রাফিক পুলিশ সৌমেন সোম। গত ৫ অগাস্ট সকালে সেহারাবাজার ট্রাফিক গার্ড অফিস সংলগ্ন এলাকায় রাস্তায় পড়ে থাকা ১ লক্ষ ৬০ হাজার টাকা ভর্তি একটি ব্যাগ কুড়িয়ে পেয়েছিলেন তিনি। কোনো রকম লোভের বশবর্তী না হয়ে, তিনি তাৎক্ষণিকভাবে সেই বিপুল অঙ্কের টাকা খন্ডঘোষ থানার অধীন পলেমপুর পুলিশ ফাঁড়ির ঊর্ধ্বতন আধিকারিকের হাতে তুলে দেন।

বিজ্ঞাপন

জানা যায়, গত ৫ অগাস্ট সকালে কাজে যোগ দিতে আসার সময় সৌমেন সোম রাস্তায় ওই ব্যাগটি দেখতে পান। ব্যাগের মধ্যে নগদ ১ লক্ষ ৬০ হাজার টাকা ছিল। তাঁর এই সততার পর পলেমপুর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। এদিকে, টাকা হারানোর বিষয়টি জানতে পেরে মেমারীর দেবীপুর এলাকার এক ব্যবসায়ী পালসিট পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানান। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যবসায়ী দেবীপুর থেকে দক্ষিণ দামোদর এলাকার একটি রাইস মিলে চাল কেনার জন্য যাচ্ছিলেন এবং তাঁর কাছে এই টাকা ছিল। পথিমধ্যে রসুলপুর এলাকায় চা খেতে দাঁড়ানোর সময় তাঁর অজান্তেই টাকাগুলো পড়ে যেতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করেন।

পরবর্তীতে পুলিশ সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। তদন্তের মাধ্যমে উদ্ধার হওয়া ১ লক্ষ ৬০ হাজার টাকা ওই ব্যবসায়ীরই বলে নিশ্চিত হওয়ার পর পলেমপুর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে তাঁকে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হয়। হারিয়ে যাওয়া সমস্ত টাকা ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই আনন্দিত ওই ব্যবসায়ী। পাশাপাশি, তিনি ট্রাফিক পুলিশ কর্মী সৌমেন সোমের সততা এবং পলেমপুর পুলিশ ফাঁড়ির দ্রুত তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন। এই ঘটনা আবারও পুলিশের কর্তব্যনিষ্ঠা ও মানবিকতার এক দৃষ্টান্তমূলক দিক তুলে ধরল, যা জনমানসে পুলিশের প্রতি আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে।

See also  পূর্ব বর্ধমানের ২১ কৃতি ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---