ফোকাস বেঙ্গল ডেস্ক,জামালপুর: তারকেশ্বর থেকে বাবা তারকনাথের মাথায় জল ঢেলে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন উত্তরপ্রদেশের এক পুণ্যার্থী মহিলা। শ্রাবণ মাসের এই পবিত্র সময়ে পুণ্য সঞ্চয় করে পরিবারের সঙ্গে বাসে নিজের রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু পথেই তাঁর জীবনাবসান ঘটে, বাড়ি ফেরা আর সম্ভব হয়নি। পূর্ব বর্ধমানের জামালপুর থানার অন্তর্গত ভেড়িলি পুল এলাকায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত পুণ্যার্থী মহিলার নাম পার্বতী দেবী। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। শ্রাবণী মেলা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গেই তিনি তারকেশ্বরে এসেছিলেন শিবের মাথায় জল ঢালতে। নিষ্ঠা সহকারে পুজো ও জল ঢালা শেষে অন্যান্য পুণ্যার্থীদের সঙ্গে বাসে চেপে নিজেদের গন্তব্যের দিকে যাচ্ছিলেন তাঁরা।
বাসটি যখন জামালপুরের ভেড়িলি পুল এলাকা অতিক্রম করছিল, ঠিক সেই সময় হঠাৎই পার্বতী দেবী বাসের মধ্যেই তীব্র অসুস্থ বোধ করতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরিস্থিতি বেগতিক দেখে সহযাত্রী ও পরিজনরা তড়িঘড়ি বাসটি থামিয়ে তাঁকে স্থানীয় জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।
হাসপাতালে পৌঁছানোর পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই জামালপুর থানার পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায়। প্রাথমিকভাবে পুলিশ ও চিকিৎসকদের অনুমান, অতিরিক্ত গরম, ভিড় বা শারীরিক কোনো জটিলতার জেরে হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। এই আকস্মিক মৃত্যুতে মৃতের পরিবার ও অন্য পুণ্যার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।








