ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: আগামী বিধানসভা নির্বাচন পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখতে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলায় এলেন স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত। তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশ অবজারভার এন কে মিশ্র। মূলত জেলার নির্বাচনী প্রস্তুতি এবং বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির বাস্তব চিত্র অনুধাবনের উদ্দেশ্যেই এই হাইপ্রোফাইল সফর বলে জানা গিয়েছে। এদিন বর্ধমান থানায় একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক শ্বেতা আগরওয়াল, জেলা পুলিশ সুপার সায়ক দাস এবং অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি। এছাড়াও জেলার কো-অর্ডিনেটর এবং উচ্চপদস্থ আধিকারিকরা এই পর্যালোচনায় অংশগ্রহণ করেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন বর্ধমান থানাসহ জেলার বিভিন্ন থানার পূর্ববর্তী রিপোর্টগুলি বিস্তারিতভাবে খতিয়ে দেখেন স্পেশাল রোল অবজারভার। আসন্ন নির্বাচনে ভোটার তালিকা সংশোধন এবং বুথ স্তরে নিরাপত্তার বিষয়টি নিয়ে বিশদ আলোচনা করা হয়। বিশেষত, স্পর্শকাতর এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সে বিষয়ে আধিকারিকদের থেকে তথ্য তলব করেন তিনি। নির্বাচনের সময় কোনও প্রকার অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, তার জন্য বিশেষ নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠক শেষে স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত সংবাদমাধ্যমকে জানান যে, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করাই কমিশনের প্রধান লক্ষ্য। জনগণের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনও ঘটনার অবকাশ রাখা হবে না। জেলা পুলিশ সুপার সায়ক দাস বলেন, রাজ্য পুলিশ অবজারভার ও রোল অবজারভারের উপস্থিতিতে সামগ্রিক পরিস্থিতি নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন সক্রিয় রয়েছে এবং নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। নির্বাচনী আচরণবিধি যাতে কঠোরভাবে পালন করা হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে। এই সফর জেলার প্রশাসনিক তৎপরতাকে আরও বেগবান করবে বলে মনে করা হচ্ছে।








