---Advertisement---

Auto Image Slider

শিকারপুরে বালি বোঝাই ট্রাক্টর ঢুকে গেলো গৃহস্থের গোয়াল ঘরে, পুরোনো স্মৃতির আতঙ্কে গ্রামবাসী!

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক, গলসি: সোমবার সাত সকালে পূর্ব বর্ধমানের গলসি থানার শিকারপুর এলাকায় বালি বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ঢুকে পড়ল এক গৃহস্থের গোয়াল ঘরে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তবে আশার কথা, অল্পের জন্য প্রাণে বেঁচেছেন ট্রাক্টর চালক। যদিও দুর্ঘটনার ফলে গোয়াল ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, শিকারপুর এলাকা থেকে দ্রুতগতিতে বালি বোঝাই করে যাচ্ছিল ট্রাক্টরটি। হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে, ট্রাক্টরটি রাস্তার ধারে থাকা একটি গোয়াল ঘরে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় ট্রাক্টরের ইঞ্জিন গোয়ালের ভিতরে ঢুকে যায়। এর জেরে গোয়াল ঘরের দেওয়াল ও অ্যাসবেস্টসের ছাউনি সম্পূর্ণ ভেঙে পড়েছে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্ত ট্রাক্টরটিকে উদ্ধার করা হয়। পুলিশ ট্রাক্টরটি আটক করেছে এবং এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।

স্থানীয় বাসিন্দা পান্না মিদ্যা সহ অনেকেরইঅভিযোগ, এই শিকারপুরেই কয়েকবছর আগে বালি বোঝাই লরি উল্টে পড়েছিল রাস্তার ধারে থাকা একটি বাড়ির ওপর। পাঁচ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় রাজ্যজুড়ে আলোড়ন ছড়িয়েছিল। কিন্তু তারপরেও হুঁশ ফেরেনি অবৈধ বালি কারবারিদের এবং প্রশাসনের বলেই অভিযোগ। অভিযোগ, এখনও এলাকার অধিকাংশ ট্রাক্টর অবৈধ বালি খাদান থেকে বালি বোঝাই করে অত্যন্ত বেপরোয়া গতিতে চলাচল করে। এমনকি স্কুল চলাকালীন সময়েও এদের গতির উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না। এর ফলে স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষজন সবসময় আতঙ্কের মধ্যে থাকেন।

তিনি আরও দাবি জানান, এই ধরনের ভয়াবহ ঘটনা রুখতে প্রশাসনের তরফে অবিলম্বে কড়া নজরদারি চালানো এবং ট্রাক্টর চলাচলের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা অত্যন্ত জরুরি। ঘটনার পর এলাকায় কিছুক্ষণের জন্য উত্তেজনা দেখা দিলেও, পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয়দের একটাই দাবি, ভবিষ্যতে বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়াতে প্রশাসনকে অবিলম্বে হস্তক্ষেপ করতে হবে।

See also  বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে শুরু হতে চলেছে আই ব্যাঙ্ক
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---