---Advertisement---

Auto Image Slider

১৫ জুন সকালে ২০ হাজার কিউসেক জল ছাড়বে ডিভিসি, এখনই বন্ধ হচ্ছে না নদী থেকে বালি উত্তোলন

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,পূর্ব বর্ধমান: ঝাড়খণ্ডের পাঞ্চেত ও মাইথন জলাধারের জলস্তর নির্দিষ্ট পরিমাণে রাখার জন্য আগামী ১৫ জুন সকাল ৬ টায় ডিভিসি ২০ হাজার কিউসেক জল ছাড়বে বলে সংশ্লিষ্ট জেলা প্রশাসন গুলোকে জানিয়েছে। দুর্গাপুর ব্যারেজ ও সংলগ্ন রাস্তার মেরামতির কাজ চলার জন্য গত মে মাসে ডিভিসি জলাধারগুলো থেকে কোনো জল ছাড়েনি। এরইমধ্যে সম্প্রতি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। এখন ব্যারেজের মেরামতির কাজ শেষ হয়ে যাওয়ায় এবার দুটি জলাধার থেকেই একযোগে জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ডিভিসি বলে জানা গেছে। যদিও দক্ষিণবঙ্গে এখনও বর্ষার আগমন ঘটেনি, তাই নদ নদী গুলো থেকে বর্ষাকালীন বালি উত্তোলনের উপর প্রশাসনিক নিষেধাজ্ঞা জারি হয়নি।

বিজ্ঞাপন

ডিভিসি জল ছাড়লে নদের যে সমস্ত জায়গায় জল বাড়তে পারে, এইসমস্ত জায়গার বালি খাদের ইজারাদারদের সতর্ক হতে বলা হয়েছে। বালি খননের জন্য মেসিন ও যন্ত্রপাতি প্রয়োজন অনুযায়ী সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন বর্ষাকালীন নদী থেকে বালি উত্তোলন বন্ধের সময়সীমা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে। আগামী ১ জুলাই থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক বিশ্বরঞ্জন মুখার্জি জানিয়েছেন, ‘আবহাওয়ার গতিপ্রকৃতির দিকে আমার নজর রেখেছি। বর্ষা আসতে আরো কিছুটা দেরি আছে। নদীর জল বাড়ার এই মুহূর্তে সম্ভাবনা নেই। তবে জুন মাসের শেষের দিকেই আমাদের জেলার সমস্ত নদ নদী থেকে বালি উত্তোলন বন্ধ রাখার নির্দেশিকা জারি করে দেওয়া হবে।’ সূত্রের খবর, দুর্গাপুর ব্যারেজ সংলগ্ন রাস্তার মেরামতির কাজ চলার কারণে ঝাড়খণ্ডের এই দুটি জলাধার থেকে গত মে মাস থেকে জল ছাড়া বন্ধ রাখা হয়েছিল। ডিভিসি সূত্রে জানা গেছে, এই পরিস্থিতিতে জলাধারগুলোর জলস্তর নির্দিষ্ট পরিমাণে রাখার জন্যই এখন জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

See also  খণ্ডঘোষের গৈতানপুর চরমানায় দামদরের জলে ডুবে ছাত্রের মৃত্যু, রহস্য
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---