ফোকাস বেঙ্গল ডেস্ক,গলসী: পূর্ব বর্ধমানের গলসিতে দামোদর নদ থেকে অবৈধভাবে বালি পাচার রুখতে ব্লক ভূমি রাজস্ব দপ্তর ও পুলিশের যৌথ অভিযানে বড় সাফল্য মিলেছে। বৃহস্পতিবার ভোররাতে গোহগ্রাম পঞ্চায়েতের গরম্বা এলাকার ভাষাপুর ঢালের কাছ থেকে বালি বোঝাই ৫টি ট্রাক্টর আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটককৃত ট্রাক্টরগুলির কোনও বৈধ চালান ছিল না। আইন অনুযায়ী সমস্ত গাড়ির জরিমানা ও বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রশাসনিক কড়া নজরদারি সত্ত্বেও গলসি সহ দামোদর তীরবর্তী গোহগ্রাম, শিকারপুর এলাকায় অবৈধ বালি পাচার চক্রের দৌরাত্ম্য অব্যাহত রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। দীর্ঘদিন ধরেই একশ্রেণির বালি মাফিয়া নদের বিভিন্ন জায়গা থেকে বেআইনিভাবে বালি তুলে পাচার করছে, যা নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। এই কারবারিদের সঙ্গে স্থানীয় স্তরের প্রভাবশালীদের যোগসাজশের অভিযোগও উঠেছে।
সূত্রের খবর অনুযায়ী, বালি পাচারকারীরা একটি মাত্র বৈধ চালান ব্যবহার করে একাধিকবার বালি পরিবহন করে সরকারি রাজস্ব ফাঁকি দিচ্ছে। শিকারপুর এলাকার একটি বালি ঘাট থেকে ট্রাক্টরগুলি বালি তুলছে। দ্রুত অন্যত্র বালি খালি করে নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় ঘাটে ফিরে আসছে, ফের বালি লোড করে ওই একই চালান ব্যবহার করে ট্রাক্টর নিয়ে চলে যাচ্ছে। পড়ে সেই মজুদ বালি চড়া দামে বিক্রি করে মুনাফা লুটছে।যার ফলে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার সরকারি রাজস্ব ক্ষতি হচ্ছে বলে অভিযোগ। গলসি থানার পুলিশ ও ভূমি দপ্তর স্পষ্ট জানিয়েছে, Damodar থেকে অবৈধভাবে বালি উত্তোলন বা বিনা চালানে বালি পরিবহন বরদাস্ত করা হবে না। নিয়মিত অভিযান চলবে এবং ধরা পড়লে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।








