---Advertisement---

Auto Image Slider

বর্ধমানে জনবহুল রাস্তায় শতাব্দী প্রাচীন বাড়ির অংশ ভেঙে গুরুতর আহত টোটো চালক, পুরসভার দিকে আঙুল বিজেপির

Souris Dey

Published

ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: বর্ধমান শহরের জনবহুল তেলমারুই পাড়ায় আজ সকালে (০১ জুলাই, ২০২৬) হুড়মুড় করে ভেঙে পড়ল একটি শতাব্দী প্রাচীন পরিত্যক্ত বাড়ির একাংশ। এই আকস্মিক ঘটনায় রাস্তার পাশে একটি সাইকেল সারানোর গ্যারেজের ছাদে বাড়ির ভাঙা অংশ আছড়ে পড়ে। এর ফলে গুরুতর আহত হয়েছেন এক টোটো চালক।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম স্বপন ঘরামী (৪৯)। তাঁর বাড়ি শহরের কাঞ্চননগর রথতলা এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দ্রুত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় সূত্রে খবর, বাড়িটির বাকি অংশও মারাত্মক বিপজ্জনক অবস্থায় রয়েছে। যে কোনো মুহূর্তে সেটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

এদিকে, বাড়ি ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় বর্ধমান থানার পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। পাশাপাশি, বর্ধমান বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা-ও ছুটে আসেন। তিনি ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “গোটা শহর জুড়ে বিভিন্ন জায়গায় এই ধরনের একাধিক বিপজ্জনক বাড়ি বছরের পর বছর ধরে পড়ে আছে। বহু স্থানে এর আগেও বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। কিন্তু পুরসভা ও ইঞ্জিনিয়ারিং বিভাগের দায়িত্বে থাকা লোকেরা কেবল তোলাবাজি ও দুর্নীতিতেই ব্যস্ত থেকেছে। গত ১৫ বছরে তারা শুধু টাকার বিনিময়ে দুর্নীতি করে গেছে এবং মানুষের সুরক্ষা, নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলেছে। আমি প্রশাসনিক ভাবে জেলাশাসককে সবকিছু জানাবো।”

অন্যদিকে পুরসভার গাফিলতি মানতে নারাজ পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার। তিনি জানান, ‘ এর আগেও এই বাড়িটি ভেঙে ফেলার নোটিস জারি করা হয়েছিল। বাড়ির মালিক শোনেনি। আজকে আবার নোটিস করা হচ্ছে। পাশাপাশি শহরের বাকি যত বিপজ্জনক বাড়ি রয়েছে সেইগুলোকেও নোটিস দেওয়ার কাজ শুরু করা হবে আগামীকাল থেকেই। এদিকে এলাকায় আতঙ্ক তৈরি হওয়ায় পুলিশ দ্রুত তেলমারুই রোডের একটি অংশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। বিপজ্জনক বাড়িটির ওপর নজরদারি রাখার ব্যবস্থাও করা হয়েছে।

See also  বর্ধমান পুরসভা - ২২ মার্চ থেকে বাড়ি থেকে জঞ্জাল তোলার নতুন নিয়ম, নির্দেশিকা জারি
শেয়ার করুন 🤝🏻

Join WhatsApp

Join Now
---Advertisement---