ফোকাস বেঙ্গল ডেস্ক,বর্ধমান: পথ নিরাপত্তা সপ্তাহ পালনের মধ্যেই বর্ধমানে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (SBSTC) একটি সরকারি বাসের মারাত্মক অনিয়ম ধরা পড়েছে। মঙ্গলবার বীরহাটা সাব ট্রাফিক পোস্টের ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চালানো এই অভিযানে দেখা যায়, সরকারি বাসটিতে অবৈধ এয়ারহর্ন বাজছিল। এছাড়াও, বাসটির ট্যাক্স, ইন্স্যুরেন্স, ফিটনেস এবং পলিউশন সার্টিফিকেট – সবই ছিল মেয়াদ উত্তীর্ণ। আরও চাঞ্চল্যকর তথ্য হলো, বাসটির চালকের কাছে কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্সও ছিল না।

শুধু সরকারি বাসই নয়, এই একই অভিযানে বেশ কয়েকটি স্কুল বাসেও একই ধরনের গুরুতর অনিয়ম লক্ষ্য করা গেছে। এই ঘটনা জনমনে সরকারি পরিবহন ব্যবস্থার নিরাপত্তা ও দায়িত্বশীলতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।
অভিযানের সময় ট্রাফিক পুলিশ কর্মীরা যখন বাসটি আটকান, তখন সরকারি বাসের চালক পুলিশের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। পরে বাহনের নথি পরীক্ষা করে দেখা যায়, বাসটির কোনো কাগজপত্রই ঠিক নেই। পুলিশ তৎক্ষণাৎ বাসটি থেকে এয়ারহর্ন খুলে নেয়। যদিও প্রাথমিকভাবে বাসগুলিকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিনের অভিযান প্রসঙ্গে ট্রাফিক ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায় জানান, নিয়ম না মানার একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আগামীদিনে যদি একই অবস্থা দেখা যায়, তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার এক আধিকারিক এই ঘটনাকে ‘অকাম্য’ বলে উল্লেখ করে বলেন, এর আগেও এমন ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সরকারি বাসে সমস্ত নিয়মবিধি অবশ্যই পালন করতে হবে। এই ঘটনা ২০২৬ সালের পথ নিরাপত্তা সপ্তাহ কর্মসূচির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে।








